শেখ হাসিনা: ‘এ বছরই দেশে ফিরব’—এনডিটিভিকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার

শেখ হাসিনা: ‘এ বছরই দেশে ফিরব’—এনডিটিভিকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব ধরনের বাধা ও রাজনৈতিক চ্যালেঞ্জ অতিক্রম করে তিনি চলতি বছরের মধ্যেই দেশে ফিরতে চান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক ইমেইল সাক্ষাৎকারে তিনি দেশে ফেরা, আওয়ামী লীগের ভবিষ্যৎ, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নিজের বিরুদ্ধে থাকা মামলাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

রোববার প্রকাশিত ওই সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, দেশে ফেরা তার ব্যক্তিগত লক্ষ্য নয়; বরং বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে এটি জড়িত। তার বিরুদ্ধে দেওয়া রায়কে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

১৯৭৫ সালের পারিবারিক হত্যাকাণ্ড এবং জীবনে একাধিক হামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনের সব অভিজ্ঞতা সত্ত্বেও তিনি বাংলাদেশের মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকে সরে আসেননি এবং এ বছরই দেশে ফেরার আশা রাখেন।

সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তির ওপর আস্থা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, দলটি বহুবার সংকটের মুখে পড়লেও প্রতিবারই জনগণের সমর্থনে ঘুরে দাঁড়িয়েছে। তার দাবি, আওয়ামী লীগের জনভিত্তি এখনও অটুট রয়েছে এবং দলটি আবারও রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠছে।

বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, দেশে গণতন্ত্র, আইনের শাসন ও নিরাপত্তার সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি অর্থনীতি, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং রাজনৈতিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, কোনো রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। তার মতে, দলের বিরুদ্ধে থাকা নিষেধাজ্ঞা ও মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

গোপন রাজনৈতিক সমঝোতার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার বা গণতন্ত্র কোনো গোপন আলোচনার বিষয় নয়। তার মতে, এসব বিষয় জনগণের সাংবিধানিক অধিকারের সঙ্গে সম্পর্কিত এবং তা উন্মুক্ত ও ন্যায়সঙ্গত প্রক্রিয়ায় নিশ্চিত হওয়া উচিত।

সাক্ষাৎকারে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শেখ হাসিনা। পাশাপাশি ভারতে অবস্থানকালে তিনি নিয়মিত দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। পরবর্তীতে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ বিভিন্ন আদালতে বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে, যদিও এ বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান প্রকাশ করেনি।

0/Post a Comment/Comments