স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে সংসদে আলোচনা চান এম এ মুহিত

alt_here

 

স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে বিরোধী দল জাতীয় সংসদে কার্যকর আলোচনা করে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তার দাবি, বিরোধীরা মূলত ক্ষমতার অংশীদারিত্ব সংশ্লিষ্ট সংস্কার নিয়েই বেশি কথা বলে, অথচ স্বাস্থ্য খাতের প্রয়োজনীয় সংস্কার নিয়ে কোনো উদ্যোগ বা আলোচনা দেখা যায় না।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন সংসদে বিস্তারিতভাবে আলোচিত হলে তা দেশের জন্য ইতিবাচক হতো। তার মতে, কমিশন স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ সুপারিশ দিয়েছে, যা নিয়ে সব রাজনৈতিক দলের গঠনমূলক মতামত প্রয়োজন।

তিনি আরও বলেন, বাজেটকে শুধু অর্থের হিসাব হিসেবে নয়, বরং দেশের বর্তমান বাস্তবতার আলোকে মূল্যায়ন করা উচিত। বিগত কয়েক বছরে দেশের অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য এসব খাতকে পুনর্গঠন করা।

Related Posts

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, সরকার এমন একটি সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে ধনী-গরিব নির্বিশেষে সবাই সহজে এবং বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাবেন।

তিনি বলেন, চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। আগের বছরের প্রায় ৩৫ হাজার কোটি টাকার তুলনায় এবার প্রায় ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

চিকিৎসা ব্যয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এম এ মুহিত বলেন, বর্তমানে দেশের রোগীদের চিকিৎসা ব্যয়ের প্রায় ৭৯ শতাংশ নিজস্ব পকেট থেকে বহন করতে হয়, যা অত্যন্ত উদ্বেগজনক। তুলনামূলকভাবে থাইল্যান্ডে এ হার প্রায় ১০ শতাংশ এবং মালদ্বীপে প্রায় ১৮ শতাংশ।

তিনি স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য হাসপাতালের অবকাঠামো সংস্কার, দক্ষ মানবসম্পদ বৃদ্ধি, চিকিৎসা পদ্ধতির আধুনিকায়ন এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।


বক্তব্যের শেষ দিকে নিজ নির্বাচনি এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুরের নদীভাঙন ও চরাঞ্চলের বিভিন্ন সমস্যার কথাও সংসদে তুলে ধরেন তিনি।

0/Post a Comment/Comments